ঢাকাSunday , 8 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | রাঙামাটি
দৈনিক আশুলিয়া

পাহাড়ি দুর্গম এলাকায় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাঙামাটি-২৯৯ আসনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়।

২০টি দুর্গম কেন্দ্র বিশেষ নজরদারিতে

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০টি উপজেলা নিয়ে গঠিত রাঙামাটি-২৯৯ আসনে মোট ২১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রায় ২০টি কেন্দ্রকে দুর্গম ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দুর্গম কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে—
বিলাইছড়ি উপজেলার ফরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইমংছড়া পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়থলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাংজং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

জুরাছড়ি উপজেলার শৈয়াল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরেস্ট ভিলেজার বস্তিপাড়া প্রাথমিক বিদ্যালয়, ভূয়াতলীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়কলক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগাখালি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

এছাড়া বরকল উপজেলার সি.এম. পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাজেক ইউনিয়নের ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়াল দাই লুই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাঘাইছড়ি উপজেলার শিজক দজর নিম্ন প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে।

সব প্রস্তুতি সম্পন্ন: রিটার্নিং কর্মকর্তা

রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী বলেন,
“দুর্গম কেন্দ্রগুলোতে উপজেলা পর্যায় থেকে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হচ্ছে। নির্বাচনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”

তিনি জানান, রাঙামাটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১০ জন।

নিরাপত্তায় থাকছে বাড়তি ব্যবস্থা

রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান,
জেলায় নির্বাচনী দায়িত্ব পালনে এক হাজার ৪১২ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রয়োজন হলে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

তিনি আরও জানান, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি পুলিশও জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে।

প্রতিদ্বন্দ্বিতায় সাত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—

  • বিএনপির দীপেন দেওয়ান (ধানের শীষ)

  • ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফাত মজলিসের মুহাম্মদ আবু বকর ছিদ্দিক (রিকশা)

  • স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল)

  • বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা (কোদাল)

  • জাতীয় পার্টির অশোক তালুকদার (নাঙ্গল)

  • ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দিন (হাতপাখা)

  • গণঅধিকার পরিষদের মো. আবুল বাশার (বাদশা)

সংশ্লিষ্টরা বলছেন, দুর্গম এলাকায় নিরাপদে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার ভোটগ্রহণ কার্যক্রমকে আরও নির্বিঘ্ন করবে।

জাতীয় সর্বশেষ