
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দৈনিক আশুলিয়া
সংস্কারের প্রশ্নে বিএনপির অবস্থান নতুন নয় বরং তিন বছর আগেই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের সুস্পষ্ট রূপরেখা উপস্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম।
শনিবার এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন,
“আজ যারা সংস্কারের কথা বলছেন, তারা অনেক পরে এই বিষয়ে কথা বলতে শুরু করেছেন। অথচ তারেক রহমান তিন বছর আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, যেখানে ক্ষমতার ভারসাম্য, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কারের দিকনির্দেশনা স্পষ্টভাবে দেওয়া আছে।”
ড. কাইয়ুম বলেন,
“এই সংস্কারের অন্যতম প্রধান দিক হচ্ছে—একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। একইসঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হবে। এর মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।”
তিনি আরও বলেন,
“আজ যারা সংস্কারের কথা বলছে, তারা বাস্তবে কোনো রূপরেখা দিতে পারেনি। বিএনপি শুরু থেকেই সংস্কারের পক্ষে ছিল এবং এখনো আছে।”
পথসভায় তিনি ঢাকা-১১ আসনের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরে বলেন,
“এলাকার অনেক সড়ক দীর্ঘদিন চলাচলের অনুপযোগী ছিল। সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলে অন্তত এক পাশ চলাচলের উপযোগী করা হয়েছে। ভেতরের সড়কগুলোর কাজও টেন্ডারের মাধ্যমে শুরু হয়েছে।”
তিনি জানান, এসব কাজ নিয়মিত মনিটরিং করা হচ্ছে যাতে সাধারণ মানুষ দুর্ভোগে না পড়ে।
ড. এম এ কাইয়ুম বলেন,
“১৯৯১ সালে এই এলাকায় গ্যাস সংযোগ দেওয়া হলেও বর্তমানে কার্যত গ্যাস নেই। মানুষ চরম কষ্টে আছে। এটি ঢাকা-১১ আসনের সবচেয়ে বড় সংকট।”
নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন,
“সন্ত্রাস, মাদক ও ক্যাডারমুক্ত ঢাকা-১১ গড়তে যুব সমাজকে সঙ্গে নিয়ে সোসাইটি গঠন করা হবে। প্রতিটি এলাকা সিসিটিভির আওতায় এনে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধ করা হবে।”
বিএনপি ক্ষমতায় এলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও শক্তিশালী করা হবে জানিয়ে তিনি বলেন—
নারীদের জন্য ফ্যামিলি কার্ড
স্বাস্থ্যসেবায় হেলথ কার্ড
কৃষকদের জন্য কৃষক কার্ড
বয়স্ক ও বিধবা ভাতা অব্যাহত রাখা
মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষা
খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন
এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ড. এম এ কাইয়ুম বলেন,
“আমি দীর্ঘদিন এই এলাকায় কমিশনার হিসেবে কাজ করেছি। স্বৈরাচারবিরোধী প্রতিটি আন্দোলনে শত মামলা মাথায় নিয়েও আপস করিনি। এ কারণেই মানুষ আমার ওপর আস্থা রাখে।”
তিনি বলেন,
“ঢাকা-১১ আসনের মানুষের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় শতভাগ নিশ্চিত।”
ঢাকা-১১ আসনটি রাজধানীর রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকা নিয়ে গঠিত।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.