
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দৈনিক আশুলিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল ও ফরিদপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
মাহদী আমিন জানান, বুধবার বেলা ১১টায় বিমানযোগে তারেক রহমান বরিশালে পৌঁছাবেন। সেখানে বেলস পার্ক মাঠে দুপুর ১২টায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
বরিশালের কর্মসূচি শেষে দুপুর ১টায় ফরিদপুরের উদ্দেশে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে পৌঁছে রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। জনসভা শেষে আবার বিমানযোগে ঢাকায় ফিরে আসবেন তারেক রহমান।
দলীয় সূত্র জানিয়েছে, এই সফরের মধ্য দিয়ে ঢাকার বাইরের নির্বাচনী প্রচারণা শেষ হবে তারেক রহমানের।
গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। একই দিনে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করেন।
পরবর্তীতে ২৫ জানুয়ারি তিনি চট্টগ্রাম সফরে গিয়ে ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশে অংশ নেন।
এরপর তিনি ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত তিনটি নির্বাচনী সমাবেশে অংশ নেন। ২৯ জানুয়ারি উত্তরাঞ্চল সফরে গিয়ে রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশ করেন। এছাড়া সোমবার খুলনা ও যশোরেও নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি।
দলীয় নেতারা বলছেন, দেশব্যাপী ধারাবাহিক জনসভা ও গণসংযোগের মাধ্যমে বিএনপি নির্বাচনী প্রচারণায় গতি আনছে এবং ভোটারদের কাছে দলের কর্মসূচি তুলে ধরছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.