
স্টাফ রিপোর্টার | ঢাকা
দৈনিক আশুলিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের আওতামুক্ত রাখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিষয়টি জানান রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি কাজী জাবেল।
কাজী জাবেল বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে আরএফইডি। নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, এমন সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আলোচনা শেষে নির্বাচন কমিশন সাংবাদিকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করার আশ্বাস দিয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও ইসি কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে রবিবার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, ভোটকেন্দ্রের চারশ (৪০০) গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট মহল মনে করছে, সাংবাদিকদের জন্য মোবাইল ব্যবহারে ছাড় দিলে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ ও তথ্য প্রচারে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.