
বাগেরহাট প্রতিনিধি | দৈনিক আশুলিয়া
বাগেরহাটের ফকিরহাটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় ৪৫ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আহতদের মধ্যে ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র নারায়ন সরকার (৪৫), নাছিমা বেগম (৬০), শিল্পী মন্ডল (৪০), রাজিয়া বেগম (৫০), সোনিয়া আক্তার (৩৫), নিরঞ্জন কুমার দাশ (৫০), হালিমা বেগম (৪২), মিনতী রানী ঢালী (৪০) ও কপিল রায়সহ বেশ কয়েকজনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বাগেরহাটের দিকে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী অপর একটি বাস ফকিরহাট বিশ্বরোড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং সড়কে আটকে পড়া যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি র্যাকার দিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে প্রায় ৪৫ মিনিট পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি বাসের ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.