
নিজস্ব প্রতিবেদক | দৈনিক আশুলিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি প্রায় ১ হাজার ২০০ অতিথির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এদিন নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ গ্রহণ করবেন। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা পৃথকভাবে শপথ নেবেন বলে জানা গেছে।
প্রচলিত রীতির ব্যতিক্রম ঘটিয়ে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া।
বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার এবং যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
আইন উপদেষ্টা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন সরকারের এই শপথ অনুষ্ঠানকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.