হেলাল শেখঃ রোজা শুরুর আগেই রাজধানী ও আশুলিয়ার বিভিন্ন বাজারে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি ও পেঁয়াজসহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে।
গত এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। একইভাবে ভোজ্যতেলের দামও লিটারে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নতুন করে চড়া হয়েছে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম।
সরেজমিনে ক্রেতাদের অভিযোগ, এক শ্রেণীর অসাধু সিন্ডিকেট ও মজুতদাররা রমজান এলেই অতিরিক্ত মুনাফার আশায় কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থির করে তোলে। যদিও বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক বলেই দাবি করছেন অনেকেই। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
অন্যদিকে উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আশ্বাস দেওয়া হলেও তার দৃশ্যমান প্রভাব বাজারে তেমন দেখা যাচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের।
মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষদের ভাষ্য, এভাবে যদি রোজায় পণ্যের দাম বাড়তে থাকে, তবে সেহরি ও ইফতারের নিত্যপ্রয়োজনীয় খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়বে। তাই বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ, কঠোর তদারকি এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.