ঢাকাFriday , 20 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রমজানে নিত্যপণ্যের দ্রুত খালাসে বিশেষ গুরুত্ব: অর্থ ও পরিকল্পনামন্ত্রী বন্দরের জটিলতা কমলে উৎপাদন ব্যয় ও বাজারমূল্যে ইতিবাচক প্রভাব পড়বে

দৈনিক আশুলিয়া
February 20, 2026 10:00 pm
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম: আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রুত খালাস নিশ্চিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বন্দর কার্যক্রমে গতি ফিরলে আমদানি পণ্য দ্রুত খালাস সম্ভব হবে, এতে উৎপাদন ব্যয় কমবে এবং বাজারে দ্রব্যমূল্যের ওপর চাপ কিছুটা হলেও হ্রাস পাবে।

শুক্রবার বিকেলে নগরীর মেহেদীবাগ এলাকায় নিজ বাসভবনে চট্টগ্রাম বন্দরের সেবাদানকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পণ্যের দাম বৃদ্ধির পেছনে একাধিক কারণ থাকলেও চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের বিভিন্ন জটিলতা ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে কাজ করছে। আমদানি করা পণ্য খালাসে বিলম্ব, অতিরিক্ত চার্জ এবং প্রক্রিয়াগত জটিলতার কারণে আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে। এই বাড়তি ব্যয় শিল্প উৎপাদনে যুক্ত হয়ে শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে পণ্যমূল্য বৃদ্ধিতে প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, বন্দরের বিদ্যমান সমস্যাগুলো দেশের সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানে সবাই একমত হয়েছেন। কিছু বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হলেও আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের প্রয়োজনীয়তা থাকায় কয়েকটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছু সময় লাগবে বলে জানান তিনি।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার শফিউদ্দিন, অতিরিক্ত কমিশনার তাফসির উদ্দিন ভুঁইয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এবং পোর্ট ইউজারস ফোরামের আহ্বায়ক আমির হুমায়ূন মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সরকারের এ উদ্যোগের ফলে রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য স্থিতিশীল রাখতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

— চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক আশুলিয়া