দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ঢাকা
ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার দলের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন বিরোধীদলীয় নেতা। এ সময় তিনি রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন।
এছাড়া ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও বিরোধীদলীয় নেতার সঙ্গে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানানো হয়েছে।
শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করবেন।
দলের পক্ষ থেকে মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একুশের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র, অধিকার ও সাংস্কৃতিক ঐতিহ্য সমুন্নত রাখার আহ্বান জানানো হয়েছে।
— নিজস্ব প্রতিবেদক, দৈনিক আশুলিয়া

