দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে বিকাশ গ্যাংয়ের অন্যতম সদস্য ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বিকাশের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় শুটারগান, চার রাউন্ড গুলি, ২২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মাওয়া আর্মি ক্যাম্প নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীনগর উপজেলার চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বিকাশের বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে একটি দেশীয় শুটারগান, চার রাউন্ড শুটারগানের গুলি, ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে বিকাশ গ্যাংয়ের তৎপরতা নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছিল। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.