দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
কুমিল্লা: ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) শিল্পনগরীতে উৎপাদিত সেমাই এবার দেশের সীমানা পেরিয়ে যাচ্ছে বিদেশে। প্রতি বছর বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, জামালপুরসহ ২২টি জেলায় সরবরাহের পাশাপাশি এবার প্রথমবারের মতো মালয়েশিয়া, সৌদি আরব ও ভারতের আসামে রপ্তানি হচ্ছে কুমিল্লা বিসিকের সেমাই।
কুমিল্লা বিসিক সূত্রে জানা গেছে, শিল্পনগরীর অন্তত ১০টি কারখানায় তিন ধরনের সেমাই—বাংলা, বার্মা চিলি ও লাচ্ছা—উৎপাদন করা হয়। এসব কারখানার মধ্যে রয়েছে খন্দকার ফুড ইন্ডাস্ট্রিজ, কুমিল্লা ফ্লাওয়ার মিল, গাউছিয়া ফুড, আরব সুইটস, সততা বেকারি, মেট্রো কনফেকশনারি, রিয়াজ ফ্লাওয়ার মিল ও মক্কা কনজুমার অ্যান্ড ফুড প্রোডাক্টস।
খন্দকার ফুড ইন্ডাস্ট্রিজে গিয়ে দেখা যায়, মেশিনে অবিরাম শব্দে বাংলা সেমাই উৎপাদন চলছে। উৎপাদিত সেমাই নির্দিষ্ট কক্ষে শুকানো হচ্ছে এবং দ্রুত প্যাকেটজাত করছেন শ্রমিকরা। ঈদের চাহিদা মেটাতে দিন-রাত কাজ করছেন তারা। একজন শ্রমিক ঘণ্টায় প্রায় ২০০ থেকে ২৫০ প্যাকেট প্রস্তুত করছেন। কেউ প্যাকেটিং, কেউ ওজন নির্ধারণ, কেউ সিলিংয়ের কাজ করছেন। নিচতলায় ভারতের আসামে পাঠানোর জন্য কভ্যার্ডভ্যানে সেমাইয়ের কার্টন তোলা হচ্ছে।
কারিগর জাকির হোসেন ও মো. সৈকত বলেন, “ঈদে সেমাইয়ের চাহিদা সবচেয়ে বেশি থাকে। তাই ক্রেতাদের চাহিদা মেটাতে আমরা রাতদিন কাজ করছি। বাড়তি আয়ের সুযোগ থাকায় সবাই উৎসবের আমেজে কাজ করছে।”
কারখানার ইনচার্জ মো. কামরুজ্জামান কামরুল জানান, “ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আমরা মান বজায় রেখে দ্রুত উৎপাদন করছি, যাতে সরবরাহে ঘাটতি না হয়।”
খন্দকার ফুড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ খন্দকার বলেন, “এক যুগেরও বেশি সময় ধরে আমরা মানসম্মত উপায়ে সেমাই তৈরি করছি। উৎপাদনে কোনো কৃত্রিম উপাদান ব্যবহার করা হয় না। এবার আমাদের পণ্য বিদেশেও যাচ্ছে—মালয়েশিয়া, সৌদি আরব ও ভারতের আসামে।”
কুমিল্লা বিসিকের কর্মকর্তা মো. মুনতাসীর মামুন বলেন, “কুমিল্লা বিসিকের খাদ্যপণ্যের মধ্যে সেমাই অন্যতম সুনামধন্য। আমরা নিয়মিত কারখানা পরিদর্শনের মাধ্যমে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করি। ঈদ উপলক্ষে দেশজুড়ে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে, যা আমাদের জন্য গর্বের।”
সংশ্লিষ্টরা আশা করছেন, মানসম্মত উৎপাদন ও রপ্তানির ধারাবাহিকতা বজায় থাকলে কুমিল্লা বিসিকের সেমাই আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.