দৈনিক আশুলিয়া
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃআল আমিন কাজী
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান ও তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার সহযোগী লিটন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাত প্রায় ৪টার দিকে ফতুল্লার পঞ্চবটি মোড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজ উদ্দিন বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে পঞ্চবটি মোড় এলাকায় কে বা কারা রিয়াজ উদ্দিন বাবু ও তার সহযোগী লিটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। আহত লিটন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, এক নারীকে হত্যার ঘটনার পর থেকেই এলাকায় ‘কিলার বাবু’ নামে পরিচিতি পান রিয়াজ উদ্দিন বাবু। পরবর্তীতে তিনি ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি বন বিভাগ এলাকা থেকে লোহার মার্কেট পর্যন্ত এলাকায় ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি বাহিনী গড়ে তোলেন। এই বাহিনী স্থানীয়ভাবে ‘ন্যাড়া’ বা ‘নাউড়া বাহিনী’ নামে পরিচিত ছিল।
পুলিশ জানিয়েছে, কিলার বাবুর বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক অপরাধের অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনাতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি ফতুল্লা মডেল থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, “ভোররাতের দিকে পঞ্চবটি মোড় এলাকায় কে বা কারা বাবু ও লিটনকে কুপিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা মেডিকেলে নেওয়ার পর বাবু মারা যায় এবং লিটন চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.