দৈনিক আশুলিয়া
প্রকাশ: ১০:১১, শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, আগামী ৮ বা ৯ মার্চের দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হতে পারে। বিশেষ করে ৯ মার্চ থেকে দেশের বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, এ ধরনের বৃষ্টি সাধারণত অল্প সময় স্থায়ী হয় এবং আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে সকালবেলা অথবা সন্ধ্যার কিছু আগে এই বৃষ্টিপাত হয়ে থাকে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আরও জানান, আগামী ১১ বা ১২ মার্চের দিকে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। এ সময় কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও দু-একদিন হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
তিনি বলেন, এখনই খুব নির্দিষ্টভাবে সবকিছু বলা কঠিন হলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকাতেও ওই সময় বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি মার্চ মাসের শুরুতে মাসভিত্তিক পূর্বাভাসে জানিয়েছে, চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলে দুই থেকে তিন দিন হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এমনকি আসন্ন ঈদুল ফিতরের সময়েও দেশের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.