
নিজস্ব প্রতিবেদক | দৈনিক আশুলিয়া
নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বাড়িতে স্ত্রী ও শিশুকন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) এবং তাদের দুই বছরের শিশু কন্যা জিনি সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।
স্থানীয় বাসিন্দারা জানান, জয় সরকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার বেপরোয়া আচরণের কারণে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত। একাধিকবার স্ত্রী বৃষ্টি সরকার স্বামীর সংসার ছেড়ে চলে গেলেও পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করে আবার ফিরে আসেন।
বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা খাবার শেষে ঘুমিয়ে পড়লে গভীর রাতে জয় সরকার হঠাৎ স্ত্রী ও শিশুকন্যার ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই বৃষ্টি সরকার মারা যান। পরে তিনি নিজেও ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
ঘটনাটি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জয় সরকার ও তার শিশুকন্যাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় জয় সরকার ও তার মেয়ে জিনি সরকার মারা যায়।
আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে বৃষ্টি সরকারের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় স্বামী ও শিশুকন্যাকে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকাসক্তি ও পারিবারিক কলহের জেরে জয় সরকার স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা করে পরে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোঃ আল আমিন
স্টাফ রিপোর্টার
দৈনিক আশুলিয়া
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.