দৈনিক আশুলিয়া
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সামরিক উত্তেজনার প্রভাব নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে দুই নেতার মধ্যে এই একান্ত ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস সচিব জানান, আলাপকালে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশগুলোর প্রতি গভীর সংহতি প্রকাশ করেন।
জবাবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ফোন করার জন্য এবং আন্তরিক উদ্বেগ প্রকাশ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সালেহ শিবলী আরও জানান, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ যত্ন নেওয়ায় দেশটির প্রেসিডেন্ট ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতা ও সমর্থনের জন্যও কৃতজ্ঞতা জানান তিনি।
ফোনালাপের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে ইউএই প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
প্রেস সচিব বলেন, চলমান আঞ্চলিক সংঘাত যেন আরও বিস্তৃত না হয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ওপর এর নেতিবাচক প্রভাব মোকাবিলায় সামরিক উত্তেজনা দ্রুত প্রশমনের প্রয়োজনীয়তার ওপর উভয় নেতা গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে বিদ্যমান সংকট নিরসনে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেন তারা।
সূত্র: বাসস
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.