দৈনিক আশুলিয়া
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে আজ শুক্রবার (৬ মার্চ) বিক্রি হচ্ছে ১৬ মার্চের ঈদযাত্রার টিকিট।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, যারা আগামী ১৬ মার্চ ট্রেনে ভ্রমণ করবেন, তাদের আজ ৬ মার্চ অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হয়।
ঈদযাত্রা ঘিরে গত মঙ্গলবার (৩ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন ১৩ মার্চের টিকিট বিক্রি করা হয়। এরপর বুধবার বিক্রি হয়েছে ১৪ মার্চের টিকিট এবং বৃহস্পতিবার বিক্রি হয়েছে ১৫ মার্চের টিকিট।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ মার্চ বিক্রি হবে ১৭ মার্চের টিকিট, ৮ মার্চ বিক্রি হবে ১৮ মার্চের টিকিট এবং ৯ মার্চ বিক্রি করা হবে ১৯ মার্চের অগ্রিম টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রার ক্ষেত্রে একজন যাত্রী একটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন। এক লেনদেনে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে।
তবে অগ্রিম কেনা কোনো টিকিট ফেরত বা রিফান্ড করা হবে না বলেও জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.