দৈনিক আশুলিয়া
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করতে গিয়ে লিবিয়ায় আটক ও নানা দুর্ভোগের শিকার হওয়া ১৬৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৪৩ জন এবং আশপাশের এলাকায় বসবাসকারী অসহায় ও অসুস্থ ২২ জন রয়েছেন।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়।
শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
জানা গেছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহায়তায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে গিয়ে তাদের অনেকেই অপহরণ, নির্যাতন ও অমানবিক পরিস্থিতির শিকার হন।
দেশে ফেরার পর বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যাবাসিতদের অনুরোধ করা হয়েছে, যেন তারা নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা অন্যদের সঙ্গে ভাগ করে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন, যাতে ভবিষ্যতে কেউ মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে বিপদের মুখে না পড়েন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবাসিতকে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.