
নিজস্ব প্রতিবেদক, দৈনিক আশুলিয়া | মোঃ আল আমিন কাজী
গাজীপুরের কাপাসিয়ায় গ্রামীণ আবহে ধারণ করা হয়েছে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় দশ হাজার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় অনুষ্ঠানটির দৃশ্যধারণ।
প্রতি ঈদেই চ্যানেল আইয়ে প্রচারিত হয় কৃষি ও গ্রামীণ জীবনভিত্তিক এই বিশেষ আয়োজন। খ্যাতনামা কৃষি সাংবাদিক শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এবারের অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায়।
অনুষ্ঠানটির খেলাধুলা অংশ ধারণের জন্য কাপাসিয়াকে বেছে নেওয়ার কারণ সম্পর্কে শাইখ সিরাজ বলেন, বাংলাদেশের আমিষ চাহিদা পূরণ এবং কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশে পোল্ট্রি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একসময় হাকিম আলীর মৎস্য খামার এবং মিসেস জামানের মুরগির খামারের উদ্যোগ তরুণদের চাকরির পেছনে না ছুটে গ্রামে ফিরে আসতে অনুপ্রাণিত করেছিল।
তিনি আরও বলেন, সেই তরুণ উদ্যোক্তাদের হাত ধরেই কুটির শিল্প থেকে আজ প্রায় ৪০ হাজার কোটি টাকার বিশাল পোল্ট্রি শিল্পখাত গড়ে উঠেছে। সম্ভাবনাময় এই খাতের সফলতার গল্প তুলে ধরতেই এবারের কৃষকের ঈদ আনন্দ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটিতে গ্রামীণ খেলাধুলার পাশাপাশি কৃষি, মৎস্য ও পোল্ট্রি খাতের বিভিন্ন সফলতা ও সম্ভাবনা নিয়ে আকর্ষণীয় প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হবে।
স্থানীয়দের মতে, এমন আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও কৃষকের জীবনযাত্রাকে দেশের মানুষের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.