
নিজস্ব প্রতিবেদক | মোঃ আল আমিন কাজী
দৈনিক আশুলিয়া
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের আগে যৌথ অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
কোস্ট গার্ডের মিডিয়া সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) রাত প্রায় ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালি জুম্মাপাড়া এলাকায় এলজিইডি সড়ক সংলগ্ন মানবপাচারকারী মো. আব্দুল আলীর একটি পেঁপে বাগানে আটকে রাখা হয়েছে।
সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র্যাবের সমন্বয়ে ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পেঁপে বাগানে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উদ্ধারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মানবপাচার প্রতিরোধে কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.