
নিজস্ব প্রতিবেদক | মোঃ আল আমিন কাজী
দৈনিক আশুলিয়া
রংপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩। শনিবার পরিচালিত এ অভিযানে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেফতারকৃতরা হলেন—লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর এলাকার আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৮), কুদ্দুস মিয়ার ছেলে মোমিন মিয়া (২৯), হাতিবান্ধা উপজেলার দইখাওয়া এলাকার আজহার আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৪০), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তালপাড়া ভিমপুর এলাকার আব্দুল কাদের মণ্ডলের স্ত্রী পাপিয়া বেগম (৩২) এবং দিনাজপুরের হাকিমপুর বাংলাহিলি এলাকার মো. আকাশের স্ত্রী মরিয়ম (৩০)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বৈরাগী বাজার টোল প্লাজার সামনে পাকা সড়কে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের হাতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দেলোয়ার হোসেন, মোমিন মিয়া ও জিয়ারুল ইসলামকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে একই দিন দিবাগত রাত ১২টার দিকে নগরীর তাজহাট পার্ক মোড় এলাকায় যাত্রীবেশে থাকা দুই নারীর ব্যাগ তল্লাশি করে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পাপিয়া বেগম ও মরিয়মকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.