
নিজস্ব প্রতিবেদক | মোঃ আল আমিন কাজী
দৈনিক আশুলিয়া
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, জনগণ সাহস করে তার ওপর যে বিশ্বাস ও আস্থা রেখেছে, তিনি তার মর্যাদা রক্ষা করবেন। এলাকার মানুষের সমস্যার কথা জানাতে কাউকে ঢাকায় গিয়ে তাকে খুঁজতে হবে না; বরং তিনি নিজেই মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমস্যা শুনবেন এবং জাতীয় সংসদে তা তুলে ধরবেন।
রবিবার কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, মানুষের সমস্যার কথা তুলে ধরাই তার দায়িত্বের শেষ নয়; বরং এসব সমস্যা সমাধানের জন্য যা যা করা প্রয়োজন, তিনি তা বাস্তবায়নের চেষ্টা করবেন। ইতোমধ্যে তিনি নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছেন বলেও জানান।
তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, “আপনারা শুধু আমার ওপর আস্থা রাখুন, আমি আপনাদের প্রত্যাশা পূরণে কাজ করে যাব।”
সংসদ সদস্য আরও জানান, তার নির্বাচনী এলাকার রাস্তা-ঘাট উন্নয়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি এলাকাবাসীকে প্রয়োজনীয় উন্নয়ন কাজের তালিকা তৈরি করে তার কাছে জমা দেওয়ার আহ্বান জানান।
তিনি প্রতিশ্রুতি দেন, ইউনিয়ন থেকে ইউনিয়নে দ্রুত রাস্তা সংস্কার এবং নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এস এম জিলানী বলেন, তার নির্বাচনী এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মন্দির ও গির্জাসহ সব ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণের সহযোগিতা পেলে কোটালীপাড়াকে সাম্য, মানবিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক এবং দুর্নীতি ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.