
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শিক্ষার্থী গোলাম নাফিজকে বহনকারী রিকশাচালক নূর মোহাম্মদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।
বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে গিয়ে তিনি এ আমন্ত্রণপত্র সংগ্রহ করেন। ফোনের মাধ্যমে তাকে বিষয়টি জানানো হয়েছিল বলে জানা গেছে।
নূর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি এটিকে তার জীবনের একটি বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।
নূর মোহাম্মদ সেই রিকশাচালক, যার রিকশার পাদানিতে গুলিবিদ্ধ শিক্ষার্থী গোলাম নাফিজের ছবি ২০২৪ সালের আগস্টে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর ফার্মগেট ফুটব্রিজের নিচে গুলিবিদ্ধ হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ। পরে তাকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর পুলিশ নাফিজকে রিকশার পাদানিতে তুলে দেয়। তখনও তিনি রিকশার রড শক্ত করে ধরে রেখেছিলেন। রিকশাচালক নূর মোহাম্মদ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
রিকশার পাদানিতে গুলিবিদ্ধ কিশোরের নিথর দেহের সেই ছবি তখন সারা দেশে মানুষের মনে গভীরভাবে নাড়া দিয়েছিল।
পরবর্তীতে নাফিজকে বহনকারী রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হয়। ২০২৪ সালের ৭ নভেম্বর রিকশাটি স্মৃতিচিহ্ন হিসেবে জাদুঘরে হস্তান্তর করা হয়। সে সময় উপদেষ্টা মো. নাহিদ ইসলাম রিকশাচালক নূর মোহাম্মদকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং তাকে আর্থিক সহায়তার আশ্বাস দেন।
একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর জানা যায়, নূর মোহাম্মদ রিকশাটি ৩৫ হাজার টাকায় লন্ডনপ্রবাসী আহসানুল কবীর সিদ্দিকী কায়সারের কাছে বিক্রি করেছিলেন। পরে সেটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়কাল পেরিয়ে প্রায় ২০ মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসতে যাচ্ছে।
—নিজস্ব প্রতিবেদক
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.