
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণ যে গণতন্ত্রের প্রত্যাশা করেছে, তা বাস্তবায়নের পথে আজ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হয়েছে।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এরপরই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময়ের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া সব মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে তিনি কখনো আপস করেননি। এ সময় তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী বলেন, তিনি দল-মত নির্বিশেষে দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করতে চান। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য। এভাবে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, স্বনির্ভর বাংলাদেশ গঠনের পথে কোনো বিরোধ থাকার কথা নয়। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
এ সময় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বের জন্য সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নামও প্রস্তাব করেন তিনি।
—নিজস্ব প্রতিবেদক
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.