
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
তদবির বা সুপারিশ নয়, সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকেই গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমানে অনেক তরুণ শুধু চাকরির পেছনে ঘুরছেন, কিন্তু এভাবে চাকরি পাওয়া সব সময় সম্ভব নয়। তাই তরুণদের আত্মকর্মসংস্থানমুখী হতে হবে।
তিনি বলেন, “আমাদের ছেলেরা খালি ঘুরে ঘুরে চাকরি খোঁজে। এভাবে চাকরি পাওয়া যাবে না। তাই নিজেদের উদ্যোগ নিতে হবে, বিনিয়োগ করতে হবে এবং ছোট ছোট উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করতে হবে।”
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন ধরনের তদবির নিয়ে মানুষের চাপ থাকে, যার বেশিরভাগই পোস্টিং বা বদলি সংক্রান্ত বিষয়।
তিনি বলেন, “যেসব বিষয় প্রয়োজন সেগুলো করা উচিত। কিন্তু তদবিরকে যদি প্রধান গুরুত্ব দেওয়া হয়, তাহলে প্রশাসনিক কার্যক্রমে সমস্যা তৈরি হবে।”
মির্জা ফখরুল আরও বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা গেলে দেশ এগিয়ে যাবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
—নিজস্ব প্রতিবেদক
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.