
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল। তবে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে দেশে থেকেই জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার পর মির্জা আব্বাসকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সন্ধ্যার আগেই প্রথম দফায় অস্ত্রোপচার সম্পন্ন করা হয় এবং পরে তাকে পর্যবেক্ষণে রাখা হয়। এরপর সন্ধ্যার পর আবারও দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।
এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকদের গঠিত মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করে।
মির্জা আব্বাসের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সৈয়দ সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
—নিজস্ব প্রতিবেদক
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.