
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সোহাগ শেখ (৪২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোল্লাহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। তিনি মোল্লাহাট বাজারে ঢেউটিনের একটি দোকানের মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। বাজারের পশ্চিম পাশে একটি পানের দোকানের সামনে সড়কে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলিবিদ্ধ হয়ে সোহাগ শেখ সড়কে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল জানান, হাসপাতালে আনার আগেই সোহাগ শেখের মৃত্যু হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি সোহাগ শেখকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার শরীরে তিনটি গুলি লেগেছে।
তিনি আরও জানান, মরদেহ বর্তমানে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
—নিজস্ব প্রতিবেদক
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.