
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে উত্তরবঙ্গগামী ৯টি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমানো এবং ট্রেন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
যাত্রাবিরতি বাতিল হওয়া ট্রেনগুলো হলো— একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস।
এ ছাড়া ঢাকা থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে ঢাকা স্টেশন পর্যন্ত কোনো আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু না করার সিদ্ধান্তও কার্যকর করা হয়েছে।
ঈদযাত্রায় যাত্রীচাপ সামাল দিতে ট্রেনের প্রস্থান স্থলেও কিছু পরিবর্তন আনা হয়েছে। সুন্দরবন, মধুমতি, বেনাপোল ও জাহানাবাদ এক্সপ্রেসের পাশাপাশি রূপসী বাংলা এবং নকশীকাঁথা কমিউটার ট্রেনগুলো ঢাকা রেলওয়ে স্টেশনের মূল প্ল্যাটফর্মের পরিবর্তে শহরতলি প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে।
রেলের প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এবং সাধারণ যাত্রীদের সুবিধার্থে ঈদের আগে ও পরে মোট ২০ দিন ট্রেনে কোনো বিশেষ ‘সেলুনকার’ সংযোজন করা হবে না বলেও জানানো হয়েছে।
এদিকে ঈদযাত্রা নিরাপদ রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনাসহ দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে বিনা টিকিটের যাত্রী প্রবেশ ঠেকাতে জিআরপি, আরএনবি, বিজিবি, র্যাব এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে চলন্ত ট্রেন ও রেললাইনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমনে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
—নিজস্ব প্রতিবেদক
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.