
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীতে পৃথক দুই ঘটনায় এক কলেজ শিক্ষার্থী ও এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে শেখ বোরহান উদ্দিন কলেজের এক শিক্ষার্থীকে। অন্যদিকে আশুলিয়ার ইসলামনগরে একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মো. রাকিব (২৭) নামে এক যুবককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করা হয়। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
রাকিব শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম তরিকুল ইসলাম খোকন। তাদের বাসা পুরান ঢাকার নিমতলির নবাব কাটারা এলাকায়। লেখাপড়ার পাশাপাশি তিনি ভিডিও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী জিএম ইশান জানান, তারা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখেন এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু মো. রনি বলেন, এক যুবক রাকিবকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে তারা শহীদ মিনারের ওপর গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথায় গুলির আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ ছিল।
ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, শহীদ মিনারে এক ব্যক্তিকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং ঘটনার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে শনিবার বিকেলে ঢাকার আশুলিয়া থানার ইসলামনগর এলাকার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত ছাত্রীর নাম শারমিন জাহান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন এবং ওই বাসায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল ৩টার দিকে শারমিনের স্বামী ফাহিম হাসান বাইরে থেকে এসে বাসার দরজা বন্ধ দেখতে পান। পরে বাড়িওয়ালাকে জানালে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা শারমিনকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
—নিজস্ব প্রতিবেদক
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.