
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। সোমবার সাবেক প্রশাসক মোহাম্মদ শাহ আলমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সাবেক প্রশাসক মোহাম্মদ শাহ আলম নগরবাসীকে প্রত্যাশিত সেবা দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি দায়িত্ব পালনের বিভিন্ন সীমাবদ্ধতা ও ব্যর্থতার বিষয় গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর কুমিল্লা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি বলেন, সিটি কর্পোরেশনে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে এবং এ বিষয়ে সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক থাকার আহ্বান জানান।
ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই নগরীর গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে কাজ শুরু করা হবে।
তিনি জানান, যানজট নিরসন ও মশক নিধন কার্যক্রম জোরদার করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং আগামীকাল থেকেই সংশ্লিষ্ট কার্যক্রম জোরদার করা হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর কুমিল্লা সিটি কর্পোরেশনে এটি তৃতীয়বারের মতো প্রশাসক পরিবর্তন হলো।
—নিজস্ব প্রতিবেদক
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.