
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মোঃ আল আমিন কাজী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কে যানজট কমানো এবং ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএ’র এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের আগের তিনদিন এবং পরবর্তী তিনদিন—অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের সব মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময় গুরুত্বপূর্ণ মহাসড়কের দুই পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না, যাতে যান চলাচল স্বাভাবিক থাকে এবং কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়।
তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
সড়কে যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বিআরটিএ।
এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ এবং মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে আসন্ন ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে এবং মহাসড়কে যানজট অনেকাংশে কমে আসবে।
—মোঃ আল আমিন কাজী
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.