
বিশেষ প্রতিনিধি, ঢাকা: মোঃ আল আমিন কাজী
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয় ও সংস্থাকে নিয়ে সমন্বিত বিশেষ ড্রাইভ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ছুটির দিনে বেলা ২টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি জানান, ধর্ষণ ও নারী নির্যাতনের যেসব মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে বা অতীতে ঘটেছে, সেগুলোর বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, “মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে—এই ধরনের অপরাধ সমাজ থেকে নির্মূল করতে বিশেষ ড্রাইভ চালানো হবে। প্রয়োজন হলে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এ ধরনের মামলার সঙ্গে একাধিক সংস্থা জড়িত থাকায় তাদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং আইনি প্রক্রিয়ার প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, ধর্ষণ ও নারী নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করতে প্রতিটি জেলায় বিশেষ আদালতের কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে চলমান ছুটির সময়েও এই বিষয়ে কার্যক্রম অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট সব সংস্থা মাঠপর্যায়ে সক্রিয় থাকবে।
—মোঃ আল আমিন কাজী
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.