নিজস্ব প্রতিবেদক | আশুলিয়া
দৈনিক আশুলিয়া
অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক ও ঘরমুখো সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় সড়কে অবস্থান নেন তারা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
অবরোধকারীরা জানান, সোমবার ছিল পোশাক কারখানার শ্রমিকদের শেষ কর্মদিবস। নির্বাচন উপলক্ষে ছুটি শুরু হওয়ায় শ্রমিক ও সাধারণ মানুষ নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরতে বের হন। এ সুযোগে বাস চালক ও হেলপাররা ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
তাদের অভিযোগ, সাধারণত যে রুটে ৩০০ থেকে ৫০০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে এখন এক হাজার টাকা কিংবা তারও বেশি ভাড়া দাবি করা হচ্ছে। যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং ন্যায্য ভাড়া কার্যকরের দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন।
একজন অবরোধকারী বলেন, “১৭ বছর পর নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ এসেছে। আমরা ভোট দিতে গ্রামের বাড়ি যেতে বের হয়েছি। কিন্তু পথে এসে দেখি পরিবহন শ্রমিকরা অতিরিক্ত ভাড়া চাইছে। এটা মেনে নেওয়া যায় না। সরকার ও প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত এই অনিয়ম বন্ধ করা হোক।”
এদিকে সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান গণমাধ্যমকে বলেন, সড়কে যাত্রীর চাপ অনেক বেশি থাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে অবরোধের বিষয়টি সম্পর্কে তিনি সরাসরি অবগত নন বলে জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের হস্তক্ষেপ এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।

