ঢাকাMonday , 9 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় বিজিবির নির্বাচনী প্রস্তুতি পরিদর্শন শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস মহাপরিচালকের

Link Copied!

স্টাফ রিপোর্টার
দৈনিক আশুলিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সোমবার সকালে তিনি সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজে এবং দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট জেলা ও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পৃথক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পারস্পরিক সমন্বয় ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

বিজিবি মহাপরিচালক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচন উপলক্ষে অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ভোটাররা যেন নিরাপদ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজিবি সূত্র জানায়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের ৪৯৫ উপজেলার মধ্যে ৪৮৯ উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সাতক্ষীরা ও চুয়াডাঙ্গাসহ সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়া দেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ), র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট), বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড, ড্রোন ও বডি-অন ক্যামেরা ব্যবহারের প্রস্তুতিও রাখা হয়েছে।

সমন্বয় সভায় সেনাবাহিনী, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গার স্থানীয় প্রশাসন, পুলিশ, র‌্যাব, জেলা নির্বাচন অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনের সময় বিজিবি মহাপরিচালক দায়িত্বে থাকা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি থাকায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে কোনো দুষ্কৃতিকারী গোষ্ঠী যাতে নির্বাচন বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।