ঢাকাMonday , 9 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসী কার্যক্রম ও নির্বাচন বানচাল প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর মহড়া

Link Copied!

স্টাফ রিপোর্টার | চাঁপাইনবাবগঞ্জ
দৈনিক আশুলিয়া

সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতা মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সেনাবাহিনীর নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা প্রতিরোধ এবং প্রতিকূল পরিস্থিতিতে প্রশাসনের কর্মকর্তাদের নিরাপদে উদ্ধার কার্যক্রম প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণকারী সদস্যরা বিভিন্ন কৌশল ও নিরাপত্তা ব্যবস্থা বাস্তবসম্মতভাবে তুলে ধরেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে। যৌথবাহিনীর এই মহড়ার মাধ্যমে সদস্যদের সমন্বয় ও দক্ষতা আরও জোরদার করা হয়েছে।

তারা আরও জানান, ভোটগ্রহণের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।