নিজস্ব প্রতিবেদক | মোঃ আল আমিন কাজী
দৈনিক আশুলিয়া
ঈদ বোনাসসহ বিভিন্ন ভাতা প্রদানের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনের সামনে এ বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভ শেষে শ্রমিকদের একটি প্রতিনিধি দল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা বিষয়টি সমাধানে দুই দিনের সময় চান বলে জানান শ্রমিকরা।
অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী মো. রমজান বলেন, তারা দীর্ঘ কয়েক যুগ ধরে অস্থায়ী ভিত্তিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে আসছেন। অথচ স্থায়ী কর্মচারীরা নিয়মিত বেতন ও বিভিন্ন ভাতা পেলেও অস্থায়ী কর্মীরা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী মেয়র ও প্রশাসকরা প্রতি বছর রমজান মাসে ইফতার ভাতা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা ও ঈদ বোনাস প্রদান করতেন। কিন্তু বর্তমান প্রশাসক এসব ভাতা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি দাবি তুললে চাকরি হারানোর হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, দুই দিনের মধ্যে দাবি পূরণের বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

