নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় একটি ১১ তলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মিরপুর-২ নম্বর এলাকার একটি ১১ তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকেই আতঙ্কে ছাদে উঠে যান এবং কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন।
ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ জানান, টার্ন টেবল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ভবনের ছাদ ও বিভিন্ন তলা থেকে মোট ২৪ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৪ জন পুরুষ ও ১০ জন নারী ছিলেন।
এ সময় ভবনের চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে এক নারী ও এক পুরুষকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছিলেন।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান সোহেল রাত সাড়ে ৮টার দিকে জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়। নিহত পুরুষের নাম রাকিব হাসান। তবে নিহত নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
—নিজস্ব প্রতিবেদক

