ঢাকাTuesday , 10 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, প্রথম ধাপে পেলেন ৪৯৬ পরিবার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় পাইলট প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। প্রথম ধাপে জেলার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে তালিকাভুক্ত ৫৪৪ জনের মধ্যে ৪৯৬ জনকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। কার্ড পাওয়ার পাশাপাশি উপকারভোগীরা মঙ্গলবার সকালেই নিজেদের মোবাইল ফোনে ২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নের সময় কোনো দল বা মত বিবেচনা করা হয়নি। তিনি বলেন, “যদি দলীয় বিবেচনা করা হতো তাহলে সরকারি কর্মকর্তারা তালিকা তৈরি করতেন না, বরং দলের লোকজনই করতেন। আমি নিজেও সরেজমিনে এসে তালিকা প্রণয়নের কাজ পর্যবেক্ষণ করেছি।”

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর সেই সরকার সবার জন্য কাজ করে। সমাজের কোনো অংশ পিছিয়ে থাকলে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই সকলকে নিয়ে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, শাখারিয়া ইউনিয়নের ওই ওয়ার্ডে খানা জরিপে মোট ৮৫৯টি পরিবার চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব পরিবারের সবাই ফ্যামিলি কার্ড পাবেন। তবে প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে ভাতা বা অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এরই অংশ হিসেবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচিত করা হয়। প্রথম ধাপে তালিকাভুক্ত ৫৪৪ জনের মধ্যে ৪৯৬ জনকে কার্ড দেওয়া হয়েছে। কারিগরি ত্রুটির কারণে বাকি উপকারভোগীরা এদিন কার্ড পাননি, তবে তারা শিগগিরই কার্ড পাবেন বলে জানানো হয়েছে।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল এবং সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম।

অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড পেয়ে পারভীন বেগম নামে এক নারী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই টাকা আমার সংসারের কাজে লাগবে।” একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

—নিজস্ব প্রতিবেদক