নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে সামান্য বিলম্ব হতে পারে, তবে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে।”
তিনি বলেন, “আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক একটি দিন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ব্যক্তিগতভাবে এটি আমার জন্য আবেগঘন একটি মুহূর্ত। বিএনপি এবং বর্তমান সরকারের জন্যও দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।”
ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছিল এবং আজ তা বাস্তবে রূপ নিতে শুরু করেছে।
দেশের অর্ধেক জনসংখ্যা নারী উল্লেখ করে তিনি বলেন, “নারীদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবং সামাজিক নিরাপত্তা জোরদার করতে ফ্যামিলি কার্ড প্রকল্প হাতে নেওয়া হয়েছে।”
তিনি আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারগুলো উপকৃত হবে এবং নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে।
—নিজস্ব প্রতিবেদক

