ঢাকাTuesday , 10 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে: মির্জা ফখরুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:
এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। তিনি বলেন, “আমরা জনগণকে কথা দিয়েছিলাম, সরকারে এলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। আমরা আমাদের সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি।”

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, প্রাথমিক পর্যায়ে এ কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবার এই কার্ড পাবে। তিনি বলেন, “ফ্যামিলি কার্ড একটি শক্তি ও ক্ষমতার প্রতীক। এই কার্ডের মাধ্যমে আপনারা বিভিন্ন সেবায় অগ্রাধিকার পাবেন এবং সমাজে আপনাদের অবস্থান আরও শক্তিশালী হবে।”

তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের বিভিন্ন এলাকার মধ্যে প্রথমদিকে এই অঞ্চলকে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য নির্বাচন করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ২২ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে। পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। আগামী ১৬ তারিখ থেকে খাল-খনন কার্যক্রম শুরু হবে, যাতে বর্ষার পানি সংরক্ষণ করে খরার সময় কৃষিকাজে ব্যবহার করা যায়।

তিনি আরও বলেন, সব কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, সেচ ও বীজ সংগ্রহ করতে পারবেন।

মির্জা ফখরুল বলেন, “গত ১৫ বছরে সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তির শিকার হয়েছেন। অনেক ক্ষেত্রে টাকা ছাড়া কার্ড পাওয়া যেত না। কিন্তু এবার কোনো টাকা ছাড়াই ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে বলেছিলাম, এটি আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না, তবে মানুষের জন্য কিছু কাজ করে যেতে চাই।”

অনুষ্ঠানে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

—নিজস্ব প্রতিবেদক