নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকার কেরানীগঞ্জে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
গ্রেপ্তাররা হলেন—কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ফাহাদুল ইসলাম একলাস (৩১) এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাটখালি গ্রামের মৃত আবদুর রব হাওলাদারের ছেলে মো. মনির হোসেন হাওলাদার (৪২)।
মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা জেলা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের একটি টহলদল প্রথমে ওই এলাকা থেকে দুজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাসনাবাদ সুপার মার্কেট এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়। সেখানে একটি ৯ এমএম পিস্তল, দুটি ৭.৬৫ ক্যালিবার পিস্তল এবং প্রতিটি পিস্তলের একটি করে ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ছাড়া একটি ৯ এমএম গুলি ও ৭.৬৫ ক্যালিবারের ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার এবং অবৈধ অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল।
তিনি আরও বলেন, এ ঘটনায় মূল হোতা হিসেবে পরিচিত জারিফ মিয়া ওরফে কালা জারিফ পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় আটটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ঢাকা জেলায় অবৈধ অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
—নিজস্ব প্রতিবেদক

