হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় বন্ধ হয়ে যাওয়া ইনজেনিটেক্স গ্রুপের ইউফোরিয়া অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে এবং গতকাল আশুলিয়ার শিমুলতলা এলাকায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা। পরে তারা বন্ধ কারখানাটির অঙ্গ প্রতিষ্ঠান ইনজেনিটেক্স কারখানার সামনে অবস্থান নেন। এ সময় প্রায় ১২০০ শ্রমিক দুই মাসের বকেয়া বেতনসহ সকল পাওনা পরিশোধ এবং কারখানা পুনরায় চালুর দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, অভাবের তাড়নায় তিন মাসের শিশুকে বাড়িতে রেখে গার্মেন্টসে কাজ করতে হয়। সেই বেতনের টাকায় একদিকে বাবা-মা, অন্যদিকে নিজের সংসার চালাতে হয়। একই সঙ্গে সেই টাকায় শিশুদের দুধসহ পরিবারের প্রয়োজনীয় খরচ মেটাতে হয়। কিন্তু নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন পরিশোধ না করেই হঠাৎ করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিকরা আরও অভিযোগ করেন, কর্তৃপক্ষ বারবার বেতন দেওয়ার আশ্বাস ও নির্দিষ্ট তারিখ দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। সামনে ঈদ, বাসা ভাড়া ও দোকানের বাকি কীভাবে পরিশোধ করবেন তা নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। এ অবস্থায় ঈদের আগেই বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের দাবি জানান তারা।
এ বিষয়ে শ্রমিক নেতা জুলহাজ ও ফরিদুল ইসলাম বলেন, শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধ এবং বন্ধ হয়ে যাওয়া পোশাক কারখানাগুলো পুনরায় চালু করার দাবি জানাচ্ছি। এতে খেটে-খাওয়া মানুষের জীবন-জীবিকা রক্ষা পাবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রম সচল থাকবে।

