ঢাকাThursday , 12 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

শুক্রবার থেকে শুরু ঈদের ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আগামী শুক্রবার (১৩ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। ওই দিন বিক্রি করা হবে আগামী ২৩ মার্চের যাত্রার টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হবে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হবে ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের যাত্রার টিকিট পরে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে।

এদিকে যাত্রীদের সুবিধার জন্য নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

রেলওয়ে আরও জানিয়েছে, একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট একবারই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া অগ্রিম কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।

—নিজস্ব প্রতিবেদক