ঢাকাSaturday , 14 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস জব্দ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণার মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ শাড়ি, থ্রি–পিস ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বেকিং পাউডার আমদানির আড়ালে এসব পণ্য দেশে আনা হয়েছিল বলে জানিয়েছে কাস্টমস।

বৃহস্পতিবার রাতে বন্দরের ৩৭ নম্বর শেডে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সাঈদ আহমেদ রুবেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও এনএসআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। আমদানিকারক প্রতিষ্ঠান ‘সাফা ইমপেক্স’ ভারত থেকে একটি ট্রাকে ১০০ প্যাকেজ বেকিং পাউডার আমদানির ঘোষণা দিয়ে চালানটি দেশে আনে।

তিনি বলেন, পণ্য খালাসের সময় পরীক্ষা করে দেখা যায় চালানের ভেতরে বেকিং পাউডারের কোনো অস্তিত্ব নেই। এর পরিবর্তে সেখানে উচ্চ শুল্কযুক্ত বিভিন্ন পোশাক ও প্রসাধনী সামগ্রী লুকিয়ে আনা হয়েছিল।

কাস্টমস কর্মকর্তাদের পরীক্ষণে পাওয়া পণ্যের মধ্যে রয়েছে প্রায় ৭ হাজার পিস প্রিমিয়াম মানের শাড়ি, ৬ হাজার পিস থ্রি–পিস, ৩০০ পিস টু–পিস, প্রায় ৩০০ কেজি বেবি পোশাক, ৫৫০ পিস ওড়না, ৭০০ কেজি ফেইসওয়াশ ও কসমেটিকস এবং ৬০০ কেজি বিশেষ কেমিক্যাল।

শুল্ক কর্মকর্তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

পরীক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আমদানিকারক প্রতিষ্ঠানটি সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে ভুয়া নথিপত্র ব্যবহার করে এসব পণ্য আমদানি করেছে।

জব্দ করা পণ্য বর্তমানে কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শুক্রবার সরকারি ছুটি থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামী রবিবার জানানো হবে বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।

—নিজস্ব প্রতিবেদক