নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
‘পাঁচ মাস ধরে বিছানায় পড়ে আছি, আমার বাবা-মা কেউ নাই’—শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তার নির্দেশনায় অসুস্থ জান্নাতীর খোঁজ নিতে ঢাকার সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিদর্শন করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
শুক্রবার সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নির্দেশনায় সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিআরপিতে গিয়ে চিকিৎসাধীন জান্নাতীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জান্নাতীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
জানা গেছে, মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে গুরুতর আঘাতের কারণে জান্নাতীর শরীরের বেশিরভাগ অংশ অবশ হয়ে গেছে। ফলে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না এবং দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।
পরিদর্শনকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
—নিজস্ব প্রতিবেদক

