নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে প্রায় ৮১ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়।
শুক্রবার রাতে র্যাব-৯, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন—কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার সড়কটারি গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে আলমগীর মিয়া (৪২) এবং মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার চাষীবালিগাঁও গ্রামের মৃত হারুণ মিয়ার ছেলে ইসমাইল বেপারি (৪২)।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ব্রাহ্মনডোরা ইউনিয়নের অলিপুর এলাকা দিয়ে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে কাভার্ডভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় সাবান, চকলেট, জুস, কসমেটিকস, অলিভ অয়েল এবং ১৭৩ বস্তা জিরা জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
র্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে জানান, জব্দ করা এসব ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ লাখ টাকা।
—নিজস্ব প্রতিবেদক

