ঢাকাSaturday , 14 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

সত্যনিষ্ঠ সাংবাদিকতা দুর্বল হলে রাষ্ট্রের ভিত্তিও নড়বড়ে হয়ে পড়ে: ডা. শফিকুর রহমান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাংবাদিকতা যদি সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়, তবে রাষ্ট্রের অন্য তিনটি অঙ্গও দুর্বল হয়ে পড়ে।

শনিবার রাজধানীতে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকারের আমলে অনেক সাংবাদিক নির্যাতন ও নানা ধরনের চাপের মুখে পড়েছিলেন। ভবিষ্যতে সাংবাদিকরা যেন নির্ভয়ে সত্য তুলে ধরতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়েই গণতন্ত্র সুদৃঢ় হয় এবং জনগণের অধিকার সুরক্ষিত থাকে।

সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে জামায়াত আমির বলেন, গণমাধ্যমের স্বাধীন কণ্ঠ রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় পাশে থাকবে।

তিনি আরও বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। সরকারি দল যদি সে বিষয়ে দৃঢ় থাকে, তবে বিরোধী দল তাদের পাশে থেকে সহযোগিতা করবে। তবে যদি সরকার সে অবস্থান থেকে সরে যায়, তাহলে তাদের সঠিক পথে আনার চেষ্টা করা হবে এবং প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি। ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, আমাদের দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বিএফইউজে, ডিইউজে, ক্র্যাবসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

—নিজস্ব প্রতিবেদক