ঢাকাTuesday , 17 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

Link Copied!

বিশেষ প্রতিনিধি, ঢাকা: মোঃ আল আমিন কাজী

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।’

মঙ্গলবার সচিবালয়ে ‘কৃষক কার্ড’ নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় কৃষকদের দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা ও প্রণোদনা সরাসরি পৌঁছে দিতে ‘কৃষক কার্ড’ চালুর অগ্রগতি ও বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকরা যেন সার, বীজ, কীটনাশক এবং সরকারি আর্থিক সহায়তা কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই সরাসরি পেতে পারেন—তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

তিনি দ্রুত সময়ের মধ্যে নির্ভুল ডেটাবেজ তৈরি করে কৃষকদের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডিজিটাল ‘কৃষক কার্ড’ চালু হলে কৃষকরা সহজেই কৃষিঋণ, সেচ সুবিধা, ফসল বিমা এবং সরকারি ভর্তুকি গ্রহণ করতে পারবেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানও আরও সহজ ও স্বচ্ছ হবে।

সভায় আরও জানানো হয়, ইতোমধ্যে দেশের প্রকৃত কৃষকদের তথ্য সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি জেলায় শিগগিরই এই কার্ড বিতরণ শুরু হবে এবং আগামী মৌসুমের আগেই সারাদেশে তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কৃষিখাত সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।

—মোঃ আল আমিন কাজী