নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং উপনেতা হিসেবে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত দল বা জোটের নেতা হিসেবে ডা. শফিকুর রহমানকে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২(১)(ট) ধারা অনুযায়ী বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ অনুযায়ী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার।
আইন অনুযায়ী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে স্পিকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হয়।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বিরোধী দল জামায়াত জোটের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা হিসেবে নির্বাচন করা হয়। তবে তখন স্পিকার না থাকায় আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া সম্ভব হয়নি।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার নির্বাচিত করা হয়। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন।
—নিজস্ব প্রতিবেদক

