স্টাফ রিপোর্টার
দৈনিক আশুলিয়া
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনি এজেন্টদের চলাচলের জন্য যানবাহন ব্যবহারে নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন ব্যবহার করতে পারবেন। এ ক্ষেত্রে জিপ, প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি কিংবা অটোরিকশা ব্যবহার করা যাবে। প্রতিটি গাড়িতে চালকসহ সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন। প্রার্থীর নিরাপত্তার জন্য নিয়োজিত গানম্যান থাকলে তাকেও এই পাঁচজনের মধ্যে গণ্য করা হবে।
ইসি আরও জানিয়েছে, যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেসব এলাকায় প্রার্থী ও নির্বাচনি এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুইজন থাকতে পারবেন।
নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে নৌযান চালকসহ সর্বোচ্চ পাঁচজন নিয়ে যাতায়াত করতে পারবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, যানবাহনে অবস্থানকারী ব্যক্তিদের মধ্যে প্রার্থী, নির্বাচনি এজেন্ট ও গানম্যান ছাড়া অন্য কেউ থাকলে তাঁদের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আবেদন করে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তার দেওয়া নির্ধারিত স্টিকার সংশ্লিষ্ট যানবাহনে দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে।
এছাড়া নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ছাড়া তাঁদের সঙ্গে থাকা অন্য কেউ ভোটকেন্দ্রের চৌহদ্দির ভেতরে প্রবেশ করতে পারবেন না।
নির্বাচন কমিশনের এই নির্দেশনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

