ঢাকাMonday , 9 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সচিব ও উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ বৈঠক অন্তর্বর্তী সরকারের শেষ বৈঠক হওয়ার সম্ভাবনা

দৈনিক আশুলিয়া
February 9, 2026 11:01 am
Link Copied!

স্টাফ রিপোর্টার
দৈনিক আশুলিয়া

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উপদেষ্টা পরিষদ ও সচিবদের গুরুত্বপূর্ণ বৈঠক আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে সকাল সোয়া ১০টায় প্রথমে সচিবদের সঙ্গে বৈঠক শুরু হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা সচিবদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে মোট ৭৫ জন সচিব দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে ১৬ জন চুক্তিভিত্তিক সচিব রয়েছেন। সংশ্লিষ্ট সকল সচিব আজকের বৈঠকে অংশ নেবেন।

সচিবদের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর আজকের বৈঠকই সরকারের শেষ আনুষ্ঠানিক বৈঠক হতে পারে। বৈঠকে প্রধান উপদেষ্টা বিদায়ী ভাষণে সচিবদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবেন।

তবে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে জরুরি প্রয়োজনে শুধুমাত্র উপদেষ্টা পরিষদের সীমিত বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলেও জানা গেছে।

এদিকে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি হিসেবে উপদেষ্টারা তাঁদের সরকারি বাসভবন ও কূটনৈতিক পাসপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে ফেরত দেওয়া শুরু করেছেন। ইতোমধ্যে দুজন উপদেষ্টা সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন এবং বাসা বুঝিয়ে দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।

পাশাপাশি তিনজন উপদেষ্টা এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁদের কূটনৈতিক পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের মতে, উপদেষ্টাদের সরকারি বাসভবন ছাড়ার উদ্যোগ এবং কূটনৈতিক পাসপোর্ট ফেরত দেওয়ার ঘটনা ইঙ্গিত করছে যে, অন্তর্বর্তী সরকার নির্বাচনের পরপরই নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।